
বৈশাখ মানেই বাঙালির আবেগ, বৈশাখ মানেই বাঙালির আনন্দ-উদযাপন। বৈশাখ মানেই নতুন পোশাক। বৈশাখ মানেই নতুন সংকল্প। বাঙালির কাছে বৈশাখ মানেই অন্যরকম এক ভালোবাসা। আর তাই বাঙালির আবেগকে স্বাগত জানিয়ে এপ্রিল মাসকে ‘বাংলা হেরিটেজ মাস’ হিসেবে আখ্যায়িত করেছে কানাডার রাজধানী অটোয়ার মেয়র। এমন ঘোষণায় বেশ উচ্ছ্বাসিত কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
পহেলা বৈশাখ হচ্ছে দক্ষিণ এশিয়ার বাঙালি সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। মূলত প্রতিবছরের এপ্রিল মাসে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে অন্টারিও ও কানাডার কমিউনিটির মধ্যে বাঙালি সংস্কৃতি পালন এবং আগামী প্রজন্মের কাছে এই সংস্কৃতিকে তুলে ধরতে ২০২২ সালের এপ্রিলকে 'বাংলা হেরিটেজ মাস' ঘোষণা করেছেন কানাডার রাজধানী অটোয়ার মেয়র জিম ওয়াটসন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) অটোয়া মেয়রের পক্ষ থেকে বাংলা হেরিটেজ মাস সেলিব্রেশন কমিটির কাছে এ সংক্রান্ত ঘোষণাপত্র হস্তান্তর করেন অটোয়া সিটির কাউন্সিলর ও অটোয়া পুলিশ সার্ভিস বোর্ডের চেয়ার এলি এল-চ্যানটিরি।
এ সময় উপস্থিত ছিলেন, কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া, কানাডার ফেডারেল এমপি চন্দ্রা আরিয়া এবং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট রি/কনসিলিয়েশনের প্রেসিডেন্ট অমিতাভ সান্যাল, ভাইস-প্রেসিডেন্ট মমতা দত্ত, কোষাধ্যক্ষ রিয়াজ জামানসহ শীর্ষ কর্মকর্তারা । অজয় বিসারিয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সংস্কৃতিক মেলবন্ধনের চিত্র তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে চন্দ্রা আরিয়া বাংলার ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, সংস্কৃতিকে কানাডিয়ানরা মূল্যায়ন, ধারণ ও উদযাপন করে থাকে। তাদের মধ্যে এই ঐতিহ্য ছড়িয়ে দিতে হবে।
অটোয়া মেয়রের ঘোষণাপত্রে বলা হয়, দক্ষিণ এশিয়া থেকে আসা বাঙালি কমিউনিটির বড় একটি অংশের বসবাস অটোয়াতে। এখানের বহু মানুষের মুখে মুখে বাংলা ভাষা। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাঙালি অভিবাসীর আগমন ঘটে কানাডায়। এরপর থেকেই বাংলা ভাষাভাষীরা বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা, আইন, রাজনীতি, মিডিয়া, বাণিজ্য এবং সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তারা অন্টারিও ও কানাডার উন্নতিতে সহায়তা করছে আমাদেরকে।
ঘোষণাপত্রে আরও বলা হয়, এপ্রিল মাসকে হেরিটেজ মাস ঘোষণা নিয়ে কানাডার আদিবাসী ক্লিয়ারওয়াটার ডোরিন স্টিভেনস একটি প্রার্থনা সংগীত রচনা করেছেন। সেই সংগীতটিও পরিবেশন করা হয়েছে।
অনুষ্ঠানে সিজিডিআরসি'র পক্ষ থেকে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরা হয়।


