
বৈশাখ মানেই কালবৈশাখী ঝড় বৃষ্টি সঙ্গে তীব্র তাপদাহ। বৈশাখের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবারও (১৬ এপ্রিল) দেশের ছয় বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার আভাস মিলছে।
এছাড়া তিন জেলা এবং দুই বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে ধারণা আবহাওয়াবিদদের।
এদিকে, ১৫ এপ্রিল (শুক্রবার) ভোর থেকে শনিবার (১৬ এপ্রিল) ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ৩ মিলিমিটার এবং সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে পটুয়াখালীতেও সামান্য বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইতোমধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। রাজশাহীতে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, টাঙ্গাইল, দিনাজপুর, ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।
তিনি আরও জানান, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


