
বিপদ সীমার ওপর দিয়ে বইছে সুরমা ও সারিগোয়াইন নদীর পানি। একই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জের পাশে ভারতের অংশে আশঙ্কা রয়েছে ভারি বৃষ্টিপাতের। উজান থেকে নেমে আসা পানিতে জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। এমনটিই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
তাদের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেট পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
এছাড়া সারিগোয়াইন নদীর পানি সারিঘাট ও গোয়াইনঘাটে বিপদ সীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বাড়তে শুরু করেছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি।
ফলে সুরমা নদী সুনামগঞ্জ জেলায় বিপদ সীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এবং ধনু-বাউলাই নদী নেত্রকোনা জেলার কয়েকটি পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে বলেও জানানো হয়েছে।



