সেহরি খেতে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম রনি (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল সাভার মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে।

জাহিদুলের বন্ধু হিমেল মিয়া বলেন, জাহিদুলসহ আমরা চারজন সিদ্ধান্ত নেই রাতে মাওয়া ঘাটে গিয়ে সেহরি করবো। পরে চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলাম। পথে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে তার মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু কাউসার (২৬) সামান্য আহত হন। তখন অন্য বন্ধুরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসকরা জাহিদুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত কাউসারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

citytouch 728-X-90

মৃত জাহিদুলের শ্বশুর ফেরদাউস ভূঁইয়া জানান, পাঁচ বছর আগে তার মেয়েকে বিয়ে করেছিলেন জাহিদুল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভার থানার পাশেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।