আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে পরিণত করতে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক এবং মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে তিন দফা বৈঠকের পর এবার ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৮ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন আয়োজিত এ বৈঠকে ইলেকট্রনিক মিডিয়ার ৩৯ জন সম্পাদক এবং জ্যৈষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

citytouch 728-X-90

বৈঠকে সিইসি বলেন, আপনারা নির্বাচন নিয়ে জ্ঞানী এবং সুধীজন। আপনাদের পরামর্শ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমাদের চাওয়া আগের সকল সংকট কাটিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আপনাদের পরামর্শ নিয়ে পরবর্তী কর্মকৌশল নেওয়া হবে।

ইসির এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা এমিলি, মো. আলমগীর ও আনিছুর রহমানও উপস্থিত আছেন।