
বাধঁ ভেঙে সিলেট-সুনামগঞ্জসহ হাওর অঞ্চলগুলোতে কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে কৃষকরা প্রচুর ক্ষতির মুখোমুখি হয়েছে। প্রায়ই হাওরে এ ধরনের আগাম বন্যা বা বাধঁ ভেঙে কৃষকদের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই এ বিষয় নিয়ে আলোচনায় বসেছে মন্ত্রিসভা।
সিলেট-সুনামগঞ্জসহ হাওর অঞ্চলগুলোতে আর কোনও সড়ক, রাস্তা নির্মাণ করা হবে না। প্রয়োজনে এলিভেটেড পদ্ধতিতে এগুলো নির্মাণ করা হবে।
সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সচিব বলেন, আগাম বন্যায় এবার হাওরে প্রায় ৫ হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে গ্রামের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বিষয় নিয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। আগাম জাতের ধানের বীজ উদ্ভাবন করার জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্থানে বাঁধ ভেঙে গেছে সেসব স্থানে সেতু নির্মাণ করার বিষয়েও আলোচনা হয়েছে।


