
ঈদ সামনে রেখে অপরাধ প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। বলেন, শুধু পাহারা নয়, অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সোমবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
এ সময়, ঢাকা মহানগরীতে বড় ধরনের কোন অঘটন না ঘটায় সবাইকে ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার। বলেন, ঈদের সময় প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নগরবাসীর অনেকেই গ্রামের বাড়ি যাবে। এই সময় তাদের বাসা বাড়ি ফাঁকা থাকবে। এ সময় যেন কোন অঘটন না ঘটে এজন্য সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
প্রয়োজনে যারা ঢাকা ত্যাগ করবেন তাদের দামী স্বর্ণালংকার পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের কাছে রেখে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
সভায় কমিশনার বলেন, ঈদ ঘনিয়ে আসছে, আস্তে আস্তে রাজধানীর মার্কেটগুলোতে ভিড় বাড়তে থাকবে। ফলে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও টানা পার্টিসহ বিভিন্ন অপরাধ তৎপরতা বেড়ে যাবে। এ জন্য থানার টহল পার্টিকে আরো সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করার নির্দেশও দেন তিনি। প্রয়োজনে স্পেশাল টিম করে এদেরকে গ্রেপ্তার করার আহবানও জানান তিনি।
তাছাড়া ঈদকে কেন্দ্র করে যানজটের চাপ কম রাখতে প্রয়োজনে ঢাকার পার্শ্ববর্তী জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ মুখগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখার পরামর্শও দেন শফিকুল ইসলাম।



