একটি খাবারের দোকানে বিবাদ মিটাতে গিয়ে শুরু হয় মূল সমস্যা। এর জেরেই সোমবার রাতভর নীলক্ষেত নিউমার্কেট এলাকায় চলে দফায় দফায় সংঘর্ষ। আজ মঙ্গলবারও সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে।

তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে পুলিশ। সংঘর্ষের নেপথ্যের কারণ জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, ঢাকা কলেজের তিনজন ছাত্র নিউমার্কেটে একটি খাবারের দোকানে বিবাদ মিটাতে গেলে অন্য দোকানদারের সাথে ছাত্রদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে দোকানি ও তার লোকজন ছাত্রদের মারধর করে।

তিনি আরও বলেন, মারধরের শিকার ছাত্ররা হলে ফিরে গিয়ে বিষয়টি জানালে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে। তারা একযোগে নিউমার্কেটের গেট ভেঙে ওই দোকানদারকে মারতে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সেখান থেকে সরানোর চেষ্টা করি। এর মধ্যেই দোকানাররা রাস্তায় নেমে আসে এবং দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা একশ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ি। রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়। এই সংঘর্ষে আমাদের ৭-৮ জন সদস্য আহত হয়েছেন।

citytouch 728-X-90

যদিও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন পুলিশ বাহিনী।

ছাত্রদের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি সাজ্জাদ বলেন, আমরা গুলি করিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু টিয়ারসেল ছুঁড়েছি।