
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষকে ঘিরে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর শাহবাগ হতে ধানমন্ডি, আজিমপুর থেকে মিরপুর, কারওয়ান বাজার থেকে ফার্মগেট ও বিজয় সরণির রাস্তায় তীব্র যানজটে পড়েছে সাধারণ মানুষ।
এছাড়াও গুলিস্তান-পল্টন-কাকরাইল, মগবাজার, মালিবাগ, মহাখালী, বনানী হয়ে উত্তরা পর্যন্ত সড়কে যানবাহনগুলো এক রকম স্থবির হয়ে আছে।
গন্তব্যে যেতে বাস থেকে নেমে পায়ে হেটে রওনা হচ্ছেন সাধারণ মানুষ। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোও রাস্তায় আটকে আছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিলেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। কিন্তু বিষয়টি বিনা কারণেই অনেক দূর গড়িয়ে সোমবার মধ্যরাত থেকে রূপ নেয় সংঘর্ষে।


