

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ীদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়েছে। এর ফলে এই এলাকায় থাকা বিভিন্ন ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম বুথসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এছাড়া সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব ধরনের দোকানপাটও বন্ধ রয়েছে। ওই এলাকার সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও ব্যবসায়ীরা ভবনের ওপর থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে।
এ সময় শিক্ষার্থীদের হামলার বিচারের দাবিতে স্লোগান দিতে শোনা যায়। ব্যবসায়ী এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীদের পিছু হটতে দেখা যায়। এ সময় ব্যবসায়ীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।



