
ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সকাল থেকে চলমান সংঘর্ষের ঘটনায় ইট পাটকেলের আঘাতে গুরুতর আহত অবস্থায় নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ১১ টার দিকে ইট পাটকেলের আঘাতে আহত নয়জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। এখন তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতরা হলো- মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. সেলিম মিয়া (৪০), মো. রাজু (১৮), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল(১৫), মো. রাহাত (১৯) ও মো. আলী (২২)।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের সংঘর্ষে এখনো পর্যন্ত নয়জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তারা ইট পাটকেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন।


