

রাজধানী নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলছে সংঘর্ষে, তবে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়নি।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ ছিল। তবে দুই পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করায় পুলিশ পাশে সরে যায়। এরপর দুপুর পৌনে ১টার দিকে শতাধিক পুলিশ ঘটনাস্থলে যায়।
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ফের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আবারও মুখোমুখি অবস্থানে যায় শিক্ষার্থী-ব্যবসায়ীরা।
সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।


