
ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে। কোন এক উদ্দেশ্য হাসিল করার জন্য, তবে এটি কোনো অবস্থায় সফল হবে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠান হবে অসাম্প্রদায়িক।
মঙ্গলবার (১৯ এপ্রিল) চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
তিনি বলেন, একটি গোষ্ঠী বা মহল বিভিন্ন ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না, তখন আবারও নতুন নতুন পথ তৈরি করে দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার পায়তারা করছে। এতে সজাগ রয়েছেন দেশের সচেতন জনগন এবং শিক্ষক সমাজ।
শিক্ষামন্ত্রী বলেন, এ সরকারের আমলে কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সফল হতে পারেনি। এটি দিবাস্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না। বহুবার অনেক ইস্যু তৈরি করে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চেয়েছে। কিন্তু সরকারের বিচক্ষণতায় তা প্রতিবারই বানচাল হয়ে যায়।
তবে নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজে শিক্ষার্থীদের সংর্ঘষ নিয়ে কোনো মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক উন্নয়ন সভায় যোগ দেন। এতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


