
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীরা সংঘর্ষে জড়িয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ সহিংসতায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
তবে দু’পক্ষের মধ্যে চলমান সংঘাত কিছুক্ষণের মধ্যে থেমে যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা মনে করি কিছুক্ষণের মধ্যেই এটা কুলডাউন হবে।
এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তবের পরপরই ঘটনাস্থলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সরিয়ে দিতে বিপুল সংখ্যক পুলিশ নীলক্ষেত থেকে সাইন্সল্যাব মোড় পযর্ন্ত অবস্থান নেয়। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ পাল্টা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সকাল থেকেই নিউ মার্কেট এলাকায় উত্তেজনা শুরু হয়। রাতের ঘটনার জেরে সকাল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।
বেলা ১১টার পর আবারও রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউ মার্কেট এলাকা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংঘর্ষে আরও ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা চন্দ্রিমা ও নূর জাহান মার্কেটে আগুন দিয়েছে।


