
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের চলা সংঘর্ষে ঢাকা কলেজকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বর্তমানে তারা নীলক্ষেত মোড় এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে নীলক্ষেত মোড়ে এ চিত্র দেখা যায়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে চলে যান।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে বিক্ষোভ শুরু করে। এছাড়াও তারা পুলিশকে টার্গেট করে গাড়িতে ইট পাটকেল ছুঁড়তে থাকে।
এ প্রসঙ্গে ডাকসুর সদস্য মাহমুদুল হাসান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন, ‘আপনার নির্দেশেই ঢাকা কলেজের উপর গুলি করা হয়। আপনি ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন ।’
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন নেতাদের সেখানে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ‘ঢাকা কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- সহ নানান ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।


