

নিজস্ব প্রতিবেদক:আগামী ২৬ মার্চ থেকে করোনার কারণে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছে ভারত।
বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় সাংবাদিকদের এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
তিনি বলেন, সম্প্রতি আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যাত্রীবাহী ট্রেন চালু করতে চিঠি দিয়েছে ভারত। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আগামী রোববার (২০ মার্চ) রেলওয়ের একটি বেঠক রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনার কারণে লকডাউনে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশের মধ্যে সকল ধরণের ট্রেন চলাচল। পরবর্তীতে পণ্যপরিবহন চালু হলেও যাত্রী পরিবহন বন্ধই থাকে। করোনার প্রভাব কমতে শুরু করলে পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে যাত্রী পরিবহন শুরু হয়। তবে এখনো দু’দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশের সাথে ভারতের তিনটি ট্রেন চলাচল করতো। ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকতা রুটে বন্ধন এক্সপ্রেস ও ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস।



