
ছাত্র-ব্যবসায়ীদের তুমুল সংঘর্ষের মুখে মঙ্গলবার থেকেই ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হলো। ঈদের আগে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হওয়ার কথা। কিন্তু ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই, তাই আজ থেকেই কলেজটিতে ঈদের ছুটি থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ৫ মে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা কলেজও খুলে দেওয়া হবে।
মঙ্গলবার বিকালে চাঁদপুর সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, সকাল থেকে যদি নিউমার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকতেন, তাহলে পরিস্থিতি এত খারাপ হত না। তবে এখনও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবেশ শান্ত করার। ছাত্র-ব্যবসায়ী সকল পক্ষকেই আমি শান্ত থাকার অনুরোধ করছি।
প্রায়ই ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই দেখি নিউমার্কেট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটে আর তা সংঘর্ষে রূপ নেয়। এটা দুঃখজনক, কোনভাবেই কাম্য নয়।
ঢাকা কলেজের এই ঘটনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ানো হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা চলছে। আমি ছাত্র-শিক্ষক-ব্যবসায়ীদের অনুরোধ জানাবো কেউ যাতে কোন প্রকার গুজবে কান না দেয়। যে কোনো ধরনের সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
দীপু মনি বলেন, একটি গোষ্ঠী বা মহল বিভিন্ন ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না, তখন আবারও নতুন নতুন পথ তৈরি করে দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার পায়তারা করছে। এতে সজাগ রয়েছেন দেশের সচেতন জনগন এবং শিক্ষক সমাজ।



