
‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’ সহ নানা স্লোগান দিয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম.মইনুল হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে অধ্যক্ষকে অবরুদ্ধ করেন তারা।
এদিকে সংঘর্ষে এখন পর্যন্ত সাংবাদিকসহ মোট ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন।
শিক্ষার্থীরা জানিয়েছিলেন, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পরদিন মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান।



