গত মঙ্গলবার দিনভর রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল থাকার পর আজ পরিস্থিতি শান্ত রয়েছে।

সরজমিনে দেখা যায়, বুধবার সকাল নিউমার্কেট এলাকার নীলক্ষেত, সাইন্সল্যাব,কাঁটাবন,এলিফেন্ট রোড শান্ত দেখা গেছে ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসময় সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে আজও খোলেনি মার্কেটের কোন দোকানপাট।

সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়।

citytouch 728-X-90

সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ বলেন, নিউমার্কেট ও তার আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে। ব্যাবসায়ী ও শিক্ষার্থী বিবাদমান কোন পক্ষকে সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মার্কেটগুলো এখনো বন্ধ আছে।