
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, যদি এরকম থাকে, সব দেখে মার্কেটগুলো খুলে দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
বুধবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, দুপুর পর্যন্ত ব্যাবসায়ীদের অপেক্ষা করতে বলেছি। গতকাল সাত কলেজ ঢাকা কলেজের সাথে সংহতি জানিয়ে ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতারাও শামিল হবেন। এছাড়া বুঝে বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে।
পরিস্থিতি যাতে আর ঘোলা না হয় সেজন্য আমি বলেছিলাম আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করে সবকিছু বিবেচনা করে মার্কেট খুলে দেয়া হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
টানা দু’দিন ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকার পর সড়কে অল্পবিস্তর যানবাহন চলতে দেখা গেছে।
তবে নিউমার্কেটসহ সংলগ্ন এলাকায় দোকানপাট এখনও খেলেনি, বিরাজ করছে থমথমে পরিবেশ। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ রয়েছে।



