
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ পর পিস ফ্ল্যাগ উড়িয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের ব্লকে ব্লকে সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা।
বিকেলে নিউমার্কেট সামনে কর্মচারী ও ব্যবসায়ীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। সময় সেখানে ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঐ সময় দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নিলে ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ জানান, ব্যবসায়ীরা মার্কেটের সামনে সাদা পতাকা উড়িয়েছেন।
নিউমার্কেটের দোকানগুলো খুলে দেওয়া হয়েছে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়ায় কলেজের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।
ব্যবসায়ীরা জানান, দুদিনের সংঘর্ষে নিউমার্কেট বন্ধ থাকায় ১০ হাজার ব্যবসায়ীদের প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা আরও বলেন, ঈদ অনেক কাছে এমন অবস্থায় যতদিন দোকান বন্ধ থাকবে ততো লোকসানের মাত্রা বাড়বে । শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক চান বলে জানান ব্যবসায়ীরা।



