
চাঞ্চল্যকর ও আলোচিত ময়মনসিংহের ত্রিশালে পরপর তিন হত্যাকাণ্ডে ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট ‘জিলানী বাহিনী’র মূলহোতা আব্দুল কাদের জিলানী ও তার সহযোগীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২০ এপ্রিল) গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল কাদের জিলানী (৪৭), মোঃ লাল মিয়া (৫০), মো. রাকিবুল ইসলাম (২৭)। তাদের প্রত্যেকের বাড়ি ত্রিশাল, ময়মনসিংহ।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, চলতি মাসের ১৪ এপ্রিল রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জামতলীতে পূর্ব শত্রুতার জেরে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আবুল কালাম ও তার দুই ভাতিজার উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আবুল কালাম (৫৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ভিকটিমের ভাতিজার অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। পরে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব -১৪। এ সময় ১টি লোহার রড, ২টি চাপাতি, ১টি বড় দা, ১টি লোহার তৈরী বেস বল খেলার ব্যাট সদৃশ্য ধাতবদন্ড উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


