
চেক প্রতারণার ৯ মামলায় জামিন পেয়েছেন ইভ্যালির সিইও মো. রাসেল। বৃহস্প্রতিবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, নয় মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। তবে কারামুক্ত হতে ঠিক আরও কতগুলো মামলায় জামিন পেতে হবে তা বলতে পারেনি আহসান হাবিব।
তিনি জানান, প্রতিনিয়ত নতুন নতুন মামলা হওয়ায় ঠিক কতগুলো মামলায় জামিন হলে তিনি কারামুক্ত হবেন তা জানা নেই।
গত বছর ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হন শামীমা নাসরিন। তবে জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারেই রয়েছেন রাসেল।



