
এবারের ঈদ যাত্রায় বাংলাবাজার -শিমুলিয়া নৌরুটে ফেরি সংকটে কারণে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভয়াবহ ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে যাত্রী সংখ্যা কয়েকগুন বাড়তে পারে।
বর্তমানে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। শিমুলিয়া-বাংলাবাজার রুটে যাত্রী পারাপারে ব্যবহার করা হচ্ছে মাত্র ৩ টি ফেরি। এছাড়া প্রবল স্রোতের কারণে ফেরির চলাচল বিঘ্নিত হচ্ছে।
ফেরির সংকটের কারণে গাড়ির চাপ বৃদ্ধি পেলে বাংলাবাজার ঘাট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় টার্মিনালে সিরিয়ালে থাকতে হয় যানবাহনগুলোকে। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
তবে ফেরি দুর্ভোগের বিষয়টি আস্বীকার করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তারা। তাদের দাবি ফেরি কম থাকলেও আমরা সুন্দরভাবে তা পরিচালনা করছি।
তারা জানান, গাড়ির চাপ থাকায় আমরা ব্যক্তিগত যানবাহন, অ্যাম্বুলেন্সসহ ছোট যানগুলো আগে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। পরে পণ্যবাহী এবং যাত্রীবাহী যানগুলো পারাপারের ব্যবস্থা করছি।
এদিকে, ঈদে যাত্রীদের ভোগান্তির কথা ভেবে কর্তৃপক্ষ ফেরির সার্ভিস বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আসছে ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত এই নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে সাধারণ যাত্রীদের দাবি, তাদের ভোগান্তীর বিষয় বিবেচনা করে শিমুলিয়া-বাংলাবাজার রুটে যেন বিশেষ সেবা চালু করা হয়।



