

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর আদাবরে পারিবারিক কলহের জেরে দুই শিশুর গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন সম্পর্কে শিশু দুটির দুলাভাই।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুজ্জামান। বিকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ মার্চ) পারিবারিক কলহের জেরে আদাবর সুনিবিড় হাউজিংয়ের একটি বাসায় মিতু (৮) ও বাপ্পি (৫) নামের দুই শিশুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেন আলাউদ্দিন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসাপতালে ও পরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত আলাউদ্দিন।
জানা গেছে, আলাউদ্দিনের দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে আলাউদ্দিন সুনিবিড় হাউজিংয়ের ওই বাসায় থাকত। দ্বিতীয় স্ত্রী থাকতেন শেখেরটেক এলাকায়। আলাউদ্দিন প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করায় মৌ এর সঙ্গে ঝগড়াঝাঁটি শুরু হয়। এই কারণে প্রায়ই মৌকে মারধর করতেন আলাউদ্দিন। বোনকে মারধরের প্রতিবাদ করত শিশু মিতু ও বাপ্পি। তাই ক্ষিপ্ত হয়ে তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন দুলাভাই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাপ্পির দুই হাত দগ্ধ হয়েছে। তবে তার বোন মিতুর শরীরের সম্পূর্ন পুড়ে গেছে। ১০০ শতাংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।



