
ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার পাচ্ছে ৩২ হাজার ৯০৪ পরিবার। আগামী ২৬ এপ্রিল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ উপহার হস্তান্তর করবেন তিনি।
তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে এমন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল আশ্রয়ণ-২ প্রকল্প। ইতিমধ্যেই অর্ধেক বাড়ি প্রস্তুত হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, আমাদের পরিকল্পনা ছিল তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ উপহার হস্তান্তর করার। এ জন্য নির্মাণ কাজ এগিয়ে চলছে। তবে ইতিমধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর নির্মাণ হয়েছে। এগুলো আগামী ২৬ এপ্রিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মাঝে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর হস্তান্তর করা হয়েছে। তাদেরকে সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে। তবে এসব সেমিপাকা ঘরে বেশ কিছু সমস্যা পেয়েছে সরকার। কিছু কিছু ঘরে দেওয়াল ফেটে গেছে, কিছু ঘরে পলেস্তারা খসে পড়ছে, আবার ধস বা মাটি দেবে যাওয়ার মতো খবরও পাওয়া গেছে। তাই পূর্বের সমস্যা সমাধানে এবার ব্যয় বাড়ানো হয়েছে ৬৯ হাজার টাকা।


