রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়েছে।

একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছানোর পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেডসদৃশ দুটি বস্তুর বিষয়টি পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে তাঁকে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।