
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) থেকে স্টেশনের কাউন্টার এবং অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শুরুতেই ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা।
সকাল আটটা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। এক ঘণ্টা পর ওয়েবসাইট স্বাভাবিক হলে পরে দেখাচ্ছে ট্রেনের টিকিট শেষ।
যাত্রীদের অভিযোগ, সকালে ই-টিকেটিং ওয়েবসাইটের সার্ভার বন্ধ ছিল। কর্তৃপক্ষ ধৈর্য ধরতে বলে ওয়েবসাইটে একটি বার্তা দেয়। এরপর সোয়া নয়টার দিকে ওয়েবসাইট স্বাভাবিক হলে অনেকেই টিকিট পাননি।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শনিবার সকাল থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে (কমলাপুর, ফুলবাড়িয়া পুরান রেল স্টেশন, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর) অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী শনিবার (২৩ এপ্রিল) থেকে ঈদ যাত্রার ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করার কথা। তবে অনলাইন প্রক্রিয়া থেমে থাকায় ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যশীরা ।


