
উজানের মেঘালয় ও চেরাপুঞ্জির ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধির কারণে প্রায় ছয় হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছিল। তবে গত ২৪ ঘন্টায় হাওরে নতুন করে কোন বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। এতে কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
শনিবার (২৩ এপ্রিল) হাওর এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টিপাত কম হওয়ার কারণে হাওরের কৃষকরা মাঠ থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন।
কৃষকরা জানান, গত দুইদিন হাওরে কোন ধরনের বৃষ্টিপাত কিংবা বাঁধ ভাঙার ঘটনা ঘটেনি। এ কারণে আমরা এখন ভালো আছি। এভাবে আরও এক সপ্তাহ বৃষ্টি না হলে আমরা সুন্দরভাবে মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারবো।
সুনামগঞ্জ সদর উপজেলার রিপন নামের এক কৃষক জানান, সবকিছু আমাদের পক্ষে আছে। কোথাও কোন বৃষ্টি নেই। তাছাড়া হাওরের পানিও এখন সরে যেতে শুরু করেছে।
জানা যায়, গত ১ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের ৯ উপজেলায় অন্তত ১৯টি হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। যদিও প্রশাসনের মতে ৫ থেকে ৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।



