

হুমায়ূন কবির মাসুদঃ
ক’দিন আগেই সরকারের তরফ থেকে ২৫ এপ্রিলের মধ্যে সকল চাকুরেদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেয়া হয়। কিন্তু এই আদেশটির সম্পূর্ণ পরপন্থি এক আচরণ করেছেন রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকার কটন গার্মেন্টস নামে এক তৈরী পোশাক কারখানার মালিক। তাঁর নাম শ্যামল।
ঈদের আগে কর্মচারীদের বেতন না দিয়ে মালিক পালিয়ে যাওয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত ৬ দিন যাবৎ বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করেও কোন সুরাহা না পাওয়ায়, প্রতিষ্ঠানটিতে কর্মরতরা শনিবার সকালে মিরপুর ১১ নম্বরের মূল সড়ক অবরোধ করে।
গার্মেন্টেসের ফ্লোর ইনচার্জ আশরাফ আলী দূরবীন নিউজকে বলেন,‘ আমি এখানে ২৫ বছর যাবৎ কাজ করি। আবার কেউ ১৫ বছর, আবার কেউ ২০ বছর। কিন্তু কখনও এ ধরণের সমস্যা হয়নি। হঠাৎ করে এক সপ্তাহ আগে কোম্পানির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। এরপর থেকে সকল কার্যক্রম বন্ধ হয়ে গেলে মালিক শ্যামল বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাই এবং বাসায় দেখা করতে গেলে সে বাসায় নেই বলে জানায় বাসার দাড়োয়ান।
আরেক কর্মী বলেন, আমাদের আগের মালিক মৃত্যুর পূর্বে আশরাফুল স্যার সকল ধরণের বকেয়া পরিশোধ করে দিয়ে গিয়েছিল কিন্তু এই শ্যামল বাবু আসার পরে থেকে কর্মচারীদের বেতন আটকিয়ে রাখছে। আর আমরা আজকে আন্দেলনে আসায় বিভিন্ন মহল থেকে আমাদের আন্দোলন থেকে সরে আসার হুমকি দিচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের সংগঠন ‘একতা গার্মেন্টেস’ এর সহ সভাপতি সীমা আক্তার দূরবীন নিউজকে জানান,‘আমরা ঘটনাটি জানার পর শ্রমিকদের নিয়ে বিজিএমইএতে যাই। তাদের সাথে কথা বললে তারা প্রথমে দু্ইদিন এবং পরবর্তীতে আরও দুইদিনের সময় নিয়ে কোন সুরাহা দিতে পারেননি। পরবর্তীতে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচির সাথে দেখা করলে তিনি সমাধানের চেষ্টা করেন। কিন্তু শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আর অনিশ্চয়তার কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়।



