
বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ৮৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ । আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ রেলপথ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার (২৩ এপ্রিল) প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পে কিছু জটিলতা ছিল। এসব জটিলতা দেখতে আমি এসেছি। এখন আর কোনো জটিলতা নেই। আগামী জাতীয় নির্বাচনের আগেই এ রেলপথ নির্মাণের কাজ শেষ হবে।’
তিনি আরও বলেন, এ রেলপথে ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণের স্থান নিয়ে কাজ শুরু করেছে প্রকল্প পরামর্শকরা। পুরো প্রকল্পে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা খরচ হবে। ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় এই প্রকল্পটিতে অর্থ ব্যয় করা হবে।
বগুড়া রেল স্টেশন সূত্র জানায়, বগুড়ার রানীরহাট-সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত এ রুট তৈরি হবে। এ প্রকল্পের আওতায় ডুয়েল গেজের দুটি রেলপথ নির্মাণের কথা রয়েছে। এছাড়াও বগুড়ার কাহালু স্টেশন থেকে রাণীরহাট পর্যন্ত ১২ কিলোমিটারসহ মোট ৮৪ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ হবে। বগুড়া শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে রাণীরহাটে একটি জংশন নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া-সিরাজগঞ্জ রুটে শেরপুর, চাঁন্দাইকোনা, রায়গঞ্জ, কৃষাণদিয়া ও সদানন্দপুরে স্টেশন স্থাপন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে এক বক্তব্যে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।


