
দেশের নদীবন্দর ও লঞ্চঘাটগুলোতে টোল আদায়ের নামে চলে ব্যাপক লুটপাট। সদরঘাট নদীবন্দরসহ দেশের সবকটি নৌ-বন্দর ও লঞ্চঘাটে এবং খেয়া পারাপারের ৪ শতাধিক ঘাট পয়েন্টে টোল আদায়ের নামে নৈরাজ্য ও যাত্রী হয়রানি চলে। এমন অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শনিবার (২৩ এপ্রিল) সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে তিনি জানান, সদরঘাট যাত্রী পারাপারে বিপুল পরিমাণ চাঁদাবাজি করছে ইজারাদাররা। তারা জোরপূর্বক ২০/৩০/৫০/১০০ টাকা হারে অবৈধভাবে চাঁদা নিচ্ছে। অথচ এ ঘাটে সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট চুক্তি অনুযায়ী ভাড়া নেওয়ার কথা।
তিনি আরও জানান, শুধু সদরঘাটেই নয়, সারাদেশে প্রায় ৪ শতাধিক নদীবন্দর ও খেয়াঘাটের পাশাপাশি জেলা পরিষদের মালিকানাধীন ঘাট ও খেয়া পারাপার পয়েন্টেগুলোতে এমন চাঁদাবাজি চলছে। সরকার প্রধান বারবার এ চাঁদাবাজি বন্ধের নির্দেশনা দিলেও তা কাজে আসেনি। ইজারাদারেরা টোল আদায়ের জন্য তাদের নির্দিষ্ট কিছু মাস্তান রেখেছে। তাই ভুক্তভোগীরা এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারধরসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাদের সাধারণ যাত্রীদের অবস্থা নাজেহাল করছে।


