
স্বস্তির বৃষ্টি ও শীতল অবস্থা কাটিয়ে দেশে আবার বইতে শুরু করেছে তীব্র তাপদাহ। গতকাল শনিবার দুপুর থেকেই দেশের কয়েকটি জেলা ও একটি বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে।
রোববার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে। এছাড়াও এই তাপদাহ আরও কয়েকদিন থাকবে।
গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল সারা দেশে। তবে এই স্বস্তির বৃষ্টি থেমে গিয়ে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টির দেখা পাওয়া যায়নি।
এদিকে শনিবার রাজধানীতে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।



