
প্রতিবেশী দেশ ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনার প্রাদুর্ভাব। সম্প্রতি আক্রান্তের রেকর্ডও ভেঙেছে দেশটিতে। এমন অবস্থায় বাংলাদেশেও আবার করোনার সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার রাজধানীর মহাখালীতে জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে করোনায় মৃত্যুও এখন শূন্যের কোটায়। করোনা নিয়ন্ত্রণে আছে, তবে সবাইকে আরও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে তা আমাদের ধরে রাখতেই হবে।
জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই দেশে এই সংকটকালে খাদ্যের অভাব হয়নি।বেড়েছে মাথাপিছু আয়। আর এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী।



