
ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে সব মহাসড়কে রিকশা, ইজিবাইক, অটোরিকশা চলাচল বন্ধ ও মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রোববার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
তিনি বলেন, করোনার সময় দেশে নতুন করে ১০ লাখ মোটর সাইকেল রাস্তায় নেমেছে। এছাড়া প্রায় ২০ লাখ ইজিবাইকও বেড়েছে সড়কে। বর্তমানে প্রায় ৩৫ লাখের বেশি মোটর সাইকেল এবং ৪০ লাখের বেশি ইজিবাইক চলছে সড়কগুলোতে। এগুলো দেশের যানজটকে প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েচে। তাই এবার ঈদে মহাসড়কে এসব যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারলে মারাত্মক যানজট পোহাতে হতে পারে।
মোজাম্মেল হক বলেন, ঈদে গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে মহাসড়কে নামবে ২০ থেকে ২৫ লাখ মোটরসাইকেল। তারা প্রায় ৪০ থেকে ৪৫ লাখ ট্রিপ যাত্রী নেবে। এতে বাড়বে দুর্ঘটনা। সুষ্ঠু ব্যবস্থাপনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা গেলে এবারের ঈদে ৫০ শতাংশ দুর্ঘটনা কমানো সম্ভব।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, বিভিন্ন জাতীয় মহাসড়কে সার্ভিস লেন না থাকায় ঈদ যাত্রী বহনের জন্য ১৫ লাখের বেশি ইজিবাইক, রিকশা, অটোরিকশা বিভিন্ন জাতীয় মহাসড়কে নেমে আসতে পারে। এর ফলে যানজট ও দুর্ঘটনা বাড়তে পারে। তাই রিকশা, অটোরিকশা, ইজিবাইক ও নসিমন-করিমন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।



