আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দুই-একদিন পরই বাড়ি ফিরতে শুরু করবে ঘরমুখো মানুষ। প্রতি বছর এ সময় সড়কের উপর চাপ বাড়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তাই অন্যান্যবারের মতো এবারও সড়ক-মহাসড়ক যানচলাচলের উপযোগী রাখতে এবং জনদুভোর্গ কমাতে কাজ করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এরই অংশ হিসেবে ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে নবনির্মিত তিনটি ফ্লাইওভার।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

তিনি জানান, ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমাতে জয়দেবপুর (ভোগড়ামোড়) থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সাসেক-১ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি ফ্লাইওভার (নাওজোর, শফিপুর, গড়াই) খুলে দেয়া হচ্ছে। সোমবার (২৫ এপ্রিল) ফ্লাইওভারগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

citytouch 728-X-90

এছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত সাসেক-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের ২য় নলকা ব্রিজও সোমবার খুলে দেওয়া হবে বলে জানান মো. নজরুল ইসলাম।

তিনি জানান, সিরাজগঞ্জের কড্ডা মোড়ের যানজট কমানোর লক্ষ্যে ঢাকা থেকে সিরাজগঞ্জের হাটিকামরুলমুখী পার্শ্বে সড়ক প্রশস্তকরণসহ বাস-বে নির্মাণ করা হয়েছে। এছাড়া গাজীপুরমুখী যানবাহন বিশেষ করে ঢাকা-ময়মনসিংহমুখী যান চলাচল নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পাধীন সড়ক যানচলাচলের উপযোগী রাখার কার্যক্রম নেওয়া হয়েছে। যা আগামী দুই-একদিনের মধ্যে সম্পন্ন হবে।

ঈদে কোন দুর্ঘটনা বা যানজট সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, রাজধানী ঢাকার প্রবেশমুখ ও বহিঃগমণমুখসহ গুরুত্বপূর্ণ অন্যান্য পয়েন্টগুলো মনিটরিং করার জন্য সিসিটিভির আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ঋণ সহায়তার আওতায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে সাড়ে ৪২ কোটি টাকার চেক হস্তান্তর করে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান, ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান শেখ আনোয়ার সাদাত এবং নির্মাণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।