
তিন দিনের সফরে আজ সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ।সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করারন কথা হয়েছে তার।
বিকালে ম্যারি রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
৫০ বছর বয়সি রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সোমবার বিকাল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা ও আগামীকাল সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে তিনি যোগ দেবেন।
কক্সবাজার থেকে ঢাকায় ফিরে তিনি সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণেও যাওয়ার কথা রয়েছে।
ঢাকা সফরকালে ডেনমার্কের রাজকুমারী সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৭ এপ্রিল তিনি ঢাকা ছাড়বেন। এর আগে ২০১৭ সালে ঢাকা সফরে এসেছিলেন ম্যারি।



