
ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে উপচেপড়া ভিড় দেখা গেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আগাম টিকিটের আশায় ১৮ থেকে ২০ ঘন্টা অপেক্ষা করছেন অনেকেই।
সোমবার (২৫ এপ্রিল) সকাল আটটা থেকে বিক্রি হচ্ছে ২৯ এপ্রিলের আগাম টিকিট। সেদিন শুক্রবার হওয়াই ঢাকা ছাড়ার চাপ বাড়বে কয়েকগুন।
অগ্রিম টিকিট নিতে আসা যাত্রীরা জানান, গতকাল দুপুরে এসে লাইনে দাঁড়িয়ে থেকেও এখনো হাতে পায়নি কাংখিত টিকিট। তবে অনেকেই আশা করছে ঘণ্টাখানেকের মধ্যেই টিকিট পেয়ে যাবেন।
এর আগে, সকাল ৮টা বাজা'র সঙ্গে সঙ্গেই কাউন্টার খোলা হয়। ওই সময় করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শত শত টিকিটপ্রত্যাশী। আগের দুই দিনের মতোই স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দেশের বৃহৎ রেলষ্টেশন কমলাপুরে।
তবে আজ পুরুষদের তুলনায় নারীদের লাইনে টিকিট প্রত্যাশির সংখ্যা অনেক কম।
ট্রেনের টিকেটের অর্ধেক স্টেশনের কাউন্টারে আর বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা। তবে অনলাইনে টিকেট কিনতে ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে। অগ্রিম টিকেট কাটার জন্য যাত্রীদের এনআইডি বা জন্মসনদের ফটোকপি দেখাতে হচ্ছে।
একজন যাত্রী সর্বোচ্চ চারজনের টিকেট কিনতে পারছেন। সেক্ষেত্রে তাকে অন্য তিনজনেরও এনআইডি বা জন্মসনদ দেখাতে হচ্ছে।



