
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত দুই বছর সীমিত পরিসরে পালন করা হয় হজের আনুষ্ঠানিকতা। এতে অংশও নেন খুবই কম সংখ্যক হজযাত্রী। ফলে বাংলাদেশি মুসল্লিরা গত দুই বছর হজে যেতে পারেননি।
এবার বিশ্বব্যাপী সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় তৈরি হয়েছে হজে যাওয়ার সুযোগ। তবে ৬৫ বছরের বেশি বয়সীরা এবারও হজে যেতে পারছেন না। এমনকি আগে নিবন্ধন করলেও তারা হজ করতে যেতে পারবেন না।
সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের শর্ত অনুযায়ী যাদের বয়স ৬৫ বছরের বেশি হয়েছে তারা হজে যেতে পারবেন না। আগে নিবন্ধন করলেও তারা যেতে পারবেন না।
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঈমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিসুজ্জামান সিকদার, নগদের নির্বাহী পরিচালক আমিনুল হক প্রমুখ। এতে সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
প্রতি বছর ২০ লাখের বেশি মানুষ হজ করতে সৌদি আরব যেতেন। কিন্তু করোনা মহামারি শুরুর পর হজের আনুষ্ঠানিকতাই বন্ধ হয়ে যায়। গত বছর খুবই সীমিত পরিসরে হজ পালন করা হয়। এতে অংশ নেন মাত্র ৫৮ হাজার ৭৪৫ জন মুসল্লি। এ বছর বিশ্বব্যাপী সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগের মতো করেই হজের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। তবে হজ পালনের ক্ষেত্রে তারা দুটি শর্ত দিয়েছে। সেগুলো হলো- হজযাত্রীদের বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না এবং করোনার দুটি টিকা নিতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুুসারে এবার হজ করতে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন মুসল্লি সৌদি আরব যেতে পারবেন।


