
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে’ দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।
সোমবার (২৫ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- আব্দুল করিম (৩০) ও মোছা. খাদিজা আক্তার (২৫)। এই বিস্ফোরণে তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ২০ এপ্রিল (বুধবার) রাতে আব্দুল করিমের বাসায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন স্বামী- স্ত্রীরসহ তিনজন।
তাদের পরিবার দাবি করছেন, এই বিস্ফোরণ ফ্রিজের কম্প্রেসার থেকে হয়েছে। তবে পুলিশ ও তিতাস গ্যাস জানিয়েছে ফ্রিজের কম্প্রেসার নয় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাত চারটা ও স্বামী ভোর ছয়টার দিকে মারা যান।আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আর তার স্ত্রী খাদিজা আক্তার দগ্ধ হয়েছিলেন ৯৫ শতাংশ। আর তাদের মেয়ের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


