
ভারতের নয়াদিল্লিতে রাইসিনা ডায়লগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। এখন ডায়লগে যোগ দিতে এই সফরে যাচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানান, শারীরিক অসুস্থতার কারণে নয়াদিল্লি সফর বাতিল করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অন্যদিকে আইসিটি বিভাগের আরেক কর্মকর্তা জানান, রাইসিনা ডায়লগে যোগ দিতে বেলা ১১টা ৪৫ মিনিটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন আইসিটি প্রতিমন্ত্রী পলক।
নয়াদিল্লিতে আজ সপ্তম বারের মতো তিন দিনব্যাপী রাইসিনা ডায়লগ শুরু হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডায়লগের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই সম্মেলনে শতাধিক দেশের বহুপাক্ষিক সংস্থার ২১০ জনের বেশি বক্তা অংশ নেবেন। এতে শতাধিক সেশনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও এই সম্মেলনে অংশ নেবেন।



