
দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুল (৪৫)।
সোমবার (২৫ এপ্রিল) ভোর রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বাবুল ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বজলুল হকের ছেলে। তার নামে পাঁচটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, পুলিশের গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালাচ্ছিলেন বাবুল। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পাওয়ার পর তাকে ধরতে সোমবার ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালান সোনাগাজী মডেল থানার এসআই নন্দন ও মাহবুব। পরে রাত ৩টার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
এই বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান বলেন, বাবুলকে ঢাকা থেকে ফেনী আনা হচ্ছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে অন্তত ৫টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।



