ঈদ উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ঢাকা ছাড়তে পারবেন। সে বিবেচনায় বেশ কিছু অতিরিক্ত বগি সংযোজনসহ দুটি স্পেশাল ট্রেন যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

সোমবার (২৫ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তথ্য জানান কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন যাতায়াতের জন্য রয়েছে ২৭ হাজার ৭৫৩টি টিকিট এবং কমিউটারে টিকিট রয়েছে ২৫ হাজারের মতো। ফলে ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজারের মতো যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা ছাড়তে পারবেন। যাত্রী হয়রানি কমাতে দুটি স্পেশাল ট্রেন যোগ করা হবে, যেগুলো ২৯ এপ্রিল রাজধানী থেকে চলাচল শুরু করবে।

citytouch 728-X-90

স্পেশাল ট্রেন দুটি কোথায় কোথায় যাবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, একটি ট্রেন দেওয়ানগঞ্জ যাবে এবং অপরটি যাবে খুলনায়।

টিকিট পেতে কোটা প্রথার বিষয়ে রেলস্টেশনের ব্যবস্থাপক জানান, সুনির্দিষ্ট কারণে আমরা কোটা প্রথা বাতিল করেছিলাম। যদিও এখনও সেই নিয়ম চালু রয়েছে।

তিনি আরও জানান, রেলওয়ের ২ শতাংশ এবং জরুরি ২ শতাংশ কোটা চালু আছে। আমরা অর্ধেক টিকিট অনলাইনে দিচ্ছি আর বাকি অর্ধেক যাত্রীরা কাউন্টারে এসে সংগ্রহ করতে পারছে।

এই কর্মকর্তা বলেন, ২৯ এপ্রিলের অগ্রীম টিকিট আজ সোমবার থেকে বিক্রি শুরু হয়েছে। এছাড়াও যাত্রীরা চাইলে স্পেশাল ট্রেন দুটির টিকিটও সংগ্রহ করতে পারবে। আগামী ৩০ তারিখ পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।