
ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে ঈদের আগে রাজধানী ছাড়ে কোটি কোটি মানুষ। তাদের এই ঈদ যাত্রায় সবচেয়ে পছন্দের বাহন রেল ব্যবস্থা। ফলে প্রতি বছরই ঈদের আগে ভিড় দেখা দেয় রেলের টিকিট কাউন্টারে। এবার এই ভিড় কমাতে রেলের অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
তারপরেও অন্যান্য বছরের মত এবারো টিকিট কাউন্টারের চিত্র একই। বেশীরভাগ যাত্রীর অভিযোগ অনলাইনে টিকিট না পাওয়া যাওয়ায় তারা ভিড় করছেন ষ্টেশনের কাউন্টারগুলোতে।
ঈদযাত্রায় সোমবার (২৫ এপ্রিল) টিকিট দেয়া হচ্ছে ২৯ এপ্রিল শুক্রবারের। সকাল থেকেই কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। অনেকে প্রায় ২০ ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি।
অগ্রিম টিকিট কিনতে পুরুষদের পাশাপাশি ভিড় ছিল নারীদের কাউন্টারে। আজ কমলাপুরে মোট ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি চলছে। আর তার মধ্যে নারীদের মাত্র ২টি কাউন্টারে টিকিট দেয়া হচ্ছে। ফলে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়েছে অনেকেই।
সকাল ১০টায় যারা কমলাপুর কাউন্টারে টিকিটের অপেক্ষায় ছিল তাদের অনেকেই ১৮ থেকে ২০ ঘণ্টা অপেক্ষায় আছেন। ইফতার ও সেহেরি ষ্টেশনেই কাটিয়েছেন তারা। এ সময় দেখা যায় অনেকেই চাদর বিছিয়ে বসে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত টিকিটের।
এ সময় অনেক নারী অভিযোগ করেন, তাদের পাশে কোন বৈদ্যুতিক পাখা নেই, ফলে তীব্র গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তাছাড়া বসারও তেমন ব্যবস্থা নেই কমলাপুর টিকিট কাউন্টারে।
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার বলেন, নারীদের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।



