
রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর এবার মারা গেল তাদের দুই বছরের ছোট্ট শিশু সন্তান ফাতেমা আক্তার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি জানান, ফাতেমার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
এর আগে সোমবার (২৫ এপ্রিল) ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির মা খাদিজা আক্তার (২৫) ও ভোর ৬টা দিকে মারা যান বাবা আব্দুল করিম (৩০)।
গত বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে যাত্রবাড়ীর কোনাপাড়া এলাকায় বাসার মধ্যে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয় ফাতেমা ও তার বাবা-মা। পরে ভোর ৫টার দিকে স্থানীয়রা তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।


