
ভূমিহীন ও গৃহহীনদের আবাসন নিশ্চিত করার সরকারি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সরাসরি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।
জানা যায়, প্রধানমন্ত্রী সরাসরি গণভবন থেকে যুক্ত হয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্প, এবং চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাও আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করবেন।
সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন ৫৩ হাজার ৩০০টি ঘর ভূমিহীন, গৃহহীনদের মাঝে দেওয়া হয়েছিলো । প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৬৭৪টি ঘর হস্তান্তর করার কথা ছিলো। কিন্তু কিছু সমস্যার কারনে ঈদের আগেই ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করা হচ্ছে।
বাংলাদেশের কোনো মানুষ যাতে ভূমিহীন বা গৃহহীন না থাকে সেজন্য প্রধানমন্ত্রী দুই শতক জমির ওপর দুই রুম বিশিষ্ট একটি করে ঘর উপহার দিচ্ছেন।


