

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমদু খান। তবে প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও জানান, আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িতে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।



