
আসন্ন ঈদ-উল ফিতর ঘিরে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।
কাদের বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সড়ক-মহাসড়কসমূহ অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো। সড়কের জন্য কোথাও যাতে কোনো জনদুর্ভোগ না হয় সে জন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠপর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক শ্রমিকসহ সব স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। মহানগরীর টার্মিনালসমূহে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে। অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে থাকবে বিশেষ নজরদারি।
সেই সাথে সারা দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, আনসার ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


