
আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, আপনারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকুন। যদি কারও বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাঠ পর্যায়ে যাত্রীদের হয়রানি থেকে মুক্ত রাখতে আইন প্রয়োগকারী বিভিন্ন টার্সফোর্স এবং অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের বিশেষ নজরদারী থাকবে বলেও জানান তিনি।
বিজেএমই এবং বিকেএমই নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আপনারা একদিনে পোশাক কারখানাগুলো ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিন। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ভিড় এবং যাত্রী চাপ সামাল দিতে বেগ পোহাতে হবে না।
মন্ত্রী এ সময়, যানজট এড়াতে ঢাকার ভেতর ও বাহিরের প্রবেশমুখসহ দেশের বিভিন্ন যানজট প্রবন এলাকাগুলোতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।


