
ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোলান্ডসন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকন্যাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকর্তারা।
মেরি এলিজাবেথ ডোলান্ডসন এ সময় ডেনিশ রিফিউজি কাউন্সিলের ক্যাম্পের পাহাড় ভাঙনরোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্পগুলোতে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।
ডেনমার্কের রাজকুমারী বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন।
রাজকুমারী মেরি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং রোহিঙ্গা সমন্বয় অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয়দের বিভিন্ন বিষয়ে অবগত করা হয় তাকে।
সোমবার (২৫ এপ্রিল) বিকালে ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছান ডেনমার্কের রাজকুমারী। বুধবার (২৭ এপ্রিল) কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে তার।


